চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন কামরাবাদ এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে আতুরার ডিপো এলাকায় স্থাপিত পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
শনিবার (২৭ জুন) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন।
গ্রেপ্তারকৃতরা হলেন নগরের পূর্ব শহীদনগর এলাকার মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং আতুরার ডিপো এলাকার আলমগীর হোসেন সজীব (২০)।
পুলিশ জানায়, কামরাবাদ এলাকার আতুরার ডিপোতে সৈয়দ কোম্পানির ভবনের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে চেকপোস্ট পরিচালনার সময় দুই যুবকের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের থামার সংকেত দেওয়া হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
পরে তাদের দেহ তল্লাশি ও হেফাজতে থাকা একটি দেশীয় তৈরি লোহার শটগান এবং পাঁচ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/এমকেএন






