চাটগাঁ নিউজ ডেস্ক: জুলাই আন্দোলনে ঢাকার ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আসামি স্বৈরাচারী সরকারের পতনের পর আসামি ঢাকা শহরের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিচালনা করে আসছিলেন। তার সঙ্গে আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাকর্মীদের এখনো যোগাযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে আসামি ব্যাপক পরিকল্পনা করছেন বলেও তথ্য রয়েছে। তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তাঁর সহযোগী পলাতক শীর্ষ নেতাকর্মীরা এখনো আত্মগোপনে রয়েছেন।
আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে, তাদের পরবর্তী পরিকল্পনা, পলাতক আসামিদের অবস্থান ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, আসামির আশ্রয়দাতাদের পরিচয়, তাদের বর্তমান আস্তানা ও সভা-আলোচনার স্থান এবং দেশে অবস্থানরত তার বিশ্বস্ত কর্মীদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য আসামিকে ১০ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এদিন আসামি পক্ষে আইনজীবী আবু সাঈদ সাগরসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করে শুনানিতে বলেন, আসামি ঢাকা-৬ আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) ছিলেন। আসামি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলকভাবে এই মামলায় জড়ানো হয়েছে। এজাহারে আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অপরাধের উপাদান নেই। তাই আসামির রিমান্ডের নামঞ্জুর করে জামিনের প্রার্থনা করছি।
রাষ্ট্রপক্ষ থেকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে গ্রেপ্তার সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আদালতে আনা হবে জানতে পেরে আগে থেকে অবস্থান নেয় বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা ঝাড়ু হাতে নিয়ে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। এরপরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সাঈদ খোকন।
অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি।
চাটগাঁ নিউজ/জেএইচ






