চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে এবার দুই জোড়া কমিউটার ট্রেন যাত্রা শুরু করেছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেল স্টেশনে এই ট্রেন সেবার উদ্বোধন করেন ভূমি ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
রেলওয়ে কর্তৃক জানা যায়, চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত রেলপথের দূরত্ব ৩৭ কিলোমিটার। রেলওয়ের নিয়মে ৫০ কিলোমিটার পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া ১২ টাকা। কমিউটার হিসাবে চালু হওয়ায় ট্রেনটির উঠা-নামার ন্যূনতম ভাড়া এখন ২০ টাকা। এ কমিউটার ট্রেনে থাকবে সাতটি কোচ। যার মধ্যে পাঁচটি শোভন শ্রেণির। যাত্রী ধারণ ক্ষমতা হবে সব মিলিয়ে ৩৩৪।
এতদিন লোকাল ট্রেন হিসেবে চলাচল করায় ট্রেনটিতে পাওয়ার কার ছিল না। ফলে বৈদ্যুতিক ফ্যান ও লাইটের ব্যবস্থাও ছিল না। কমিউটারের বৈদ্যুতিক সুবিধা ছাড়াও টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।
ট্রেনটি নাজিরহাট কমিউটার ১, ২, ৩, ৪ নামে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৪ বার উভয় পথে যাত্রী পরিবহন করবে।সকাল ৬টায় নাজিরহাট থেকে ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। পরে চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।
অন্য ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমানসহ রেল কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ট্রেনটি চলাচল করবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পর্যন্ত। ফটিকছড়ি উপজেলা কৃষি পণ্য, চা ও রাবার বাগানের জন্য প্রসিদ্ধ। ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলাটির বাসিন্দারা এই ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম শহরে যাতায়াত করেন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সাংসদ সরোয়ার আলমগীর গত সেপ্টেম্বরে জাতীয় সংসদে এ রুটে নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করার দাবি জানান।
একই সঙ্গে নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবি আছে স্থানীয়দের।
চাটগাঁ নিউজ/জেএইচ






