চট্টগ্রামে নকশাবহির্ভূত ১০ ভবন ও দোকান সিলগালা

চাটগাঁ নিউজ ডেস্ক : নকশাবহির্ভূত নির্মাণ ও অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত চারটি ভবন ও ছয়টি দোকান সিলগালা করে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

সোমবার (১৬ নভেম্বর) সিডিএর অথরাইজড-২ এর আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভবনগুলো সিলগালা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।

অভিযানে নগরের পাঠানটুলি, বন্দরের মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেটসংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকার ১০টি ভবন সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনে অধিকাংশ ভবনেই অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ এবং নকশাবহির্ভূত অংশ বর্ধিত করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে তাৎক্ষণিকভাবে চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করা হয়।

এ ছাড়া তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে সংশ্লিষ্ট ভবনগুলোতে নির্মাণকাজ অব্যাহত রাখা সম্ভব না হয়। পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয়। বাকি অবৈধ অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের শর্তে সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত ভবন নির্মাণ রোধে চউকের এই কঠোর নজরদারি চলমান। অনুমোদিত নকশার বাইরে গিয়ে যারা ভবন নির্মাণ করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

সিডিএ অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, অভিযানে ভবন নির্মাণে অনিয়ম থাকায় ভবনগুলো সিলগালা করা হয়। পাশাপাশি আরও তিনটি ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top