সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং ফার্মেসিতে খাদ্যসামগ্রী রাখার অভিযোগে পাঁচটি ফার্মেসি ও একটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৪০ ধারায় সেনের হাটের ভাই ভাই ফার্মেসিকে ৫০ হাজার টাকা, এনাম নাহার মোড়ের আবদুল্লাহ ফার্মেসিকে ৫০ হাজার টাকা, শায়ান মেডিকোকে ১০ হাজার টাকা, তাহেরা ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মালেক মুন্সি বাজারের স্বর্ণদ্বীপ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া এনাম নাহার মোড়ের ভাই ভাই রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের কর্মকর্তা এবং সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ উপস্থিত ছিলেন। ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথকভাবে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চাটগাঁ নিউজ/ফয়সাল/জেএইচ






