চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে।
আজ সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক পাঁচটার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাকে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে নেওয়া হয়েছে।’ তবে কী কারণে তাকে স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
আদালত সূত্রে জানা গেছে, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে বিএনপি নেতা ফিরোজ খান ২০২৪ সালের ৩১ অক্টোবর কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার একটি এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে রয়েছেন।
চিন্ময়ের বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচার চলছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। রাষ্ট্রদ্রোহের মামলায় তার জামিন স্থগিত রয়েছে। অন্য চারটি মামলার মধ্যে দুটি মামলায় হাইকোর্ট তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন।
গত ৬ সেপ্টেম্বর ওই দুই মামলায় তিনি জামিন পান। তবে বাকি মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় এখনো তিনি কারাবন্দী।
চাটগাঁ নিউজ/জেএইচ






