উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ড্রোন উড়িয়ে পাখি শিকারীদের শনাক্ত করতে অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় প্রায় ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি শিকারীদের ব্যবহৃত প্রায় ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক পাখি শিকারের ঘর ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর বিটের মাছকারিয়া বিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৮টি জীবিত বক উদ্ধার করে বন বিভাগের রেঞ্জ অফিসে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মাছকারিয়া বিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে পাখি শিকারের অভিযোগ রয়েছে। এসব শিকার প্রতিরোধ ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন ব্যবহার করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩ হাজার মিটার বক শিকারের জাল জব্দের পাশাপাশি প্রায় ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক শিকারের ঘর ধ্বংস করা হয়। এ সময় ৮টি জীবিত বক উদ্ধার করা হয়।
জালিয়াপালং বিট কর্মকর্তা রুকনোজ্জামান বলেন, পাখি শিকার বন্ধ এবং বন্যপ্রাণীর নিরাপদ বিচরণ নিশ্চিত করতে বন বিভাগ নিয়মিত নজরদারি চালাচ্ছে। মাছকারিয়া বিলে ড্রোনের মাধ্যমে নজরদারি করে পাখি শিকারের বিভিন্ন ফাঁদ ও সরঞ্জাম শনাক্ত করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ জাল ও কৃত্রিম বক জব্দ এবং শিকারের ঘর ধ্বংস করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি। পাখি শিকার শুধু জীববৈচিত্র্যের ক্ষতি করে না, পরিবেশের ভারসাম্যও নষ্ট করে। মাছকারিয়া বিলে পাখি শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল, কৃত্রিম বক ও শিকারের ফাঁদ ধ্বংস করা হয়েছে।
বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাখি শিকার ও বন্যপ্রাণীর ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তিনি সবাইকে আহ্বান জানানো হয়।
অভিযানে কক্সবাজার স্পেশাল টিম, রাজারকুল রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ, ইনানী রেঞ্জ ও উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা এবং বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ






