চাটগাঁ নিউজ ডেস্ক: এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলো চালুর দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত কয়েক হাজার শ্রমিক।
আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে। যেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শ্রমিক প্রতিনিধিরা।
এ সময় শ্রমিকেরা কারখানা চালুর দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কথা জানান তারা।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে কারখানাগুলো বন্ধ থাকায় হাজারো শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে আর্থিক সংকটে দিন কাটছে তাঁদের।
স্মারকলিপিতে শ্রমিকেরা আরো উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হতে থাকে। পরে ব্যাংকিং জটিলতা ও কাঁচামাল সংকটসহ নানা কারণে কারখানাগুলোতে উৎপাদন বন্ধ হয়ে যায়।
তাদের অভিযোগ, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপর মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেও তারা কোনো সমাধান পাননি। ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতার কারণে নতুন করে ঋণপত্র (এলসি) খোলা যাচ্ছে না। ফলে আমদানিনির্ভর কাঁচামাল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এসব জটিলতা নিরসন এবং পর্যাপ্ত চলতি মূলধন নিশ্চিত করা গেলে কারখানাগুলো আবার চালু করা সম্ভব।
স্মারকলিপিতে তারা আরও বলেন, দীর্ঘদিন কর্মহীন থাকায় শ্রমিকদের পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। এ অবস্থায় সরকার উদ্যোগ না নিলে কারখানাগুলো চালু করে শ্রমিকদের কর্মস্থলে ফিরিয়ে নেওয়া কঠিন হবে।
শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- এস আলম গ্রুপের বন্ধ সব কারখানা অবিলম্বে চালু করা, আগে কর্মরত শ্রমিকদের পুনরায় কাজে যোগদানের সুযোগ দেওয়া এবং কাউকে ছাঁটাই না করা। পাশাপাশি ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করে উৎপাদন চালু রাখতে পর্যাপ্ত চলতি মূলধন নিশ্চিত করা।
এ ছাড়া রাজনৈতিক কারণে যাতে কোনো শিল্পকারখানা বন্ধ না হয়, তা নিশ্চিত করা এবং এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আহ্বানের দাবি জানিয়েছেন শ্রমিকেরা।
এদিকে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, এস আলমের কারখানাগুলো চালুর দাবিতে শ্রমিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে গেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তবে শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক, ইছানগর ও কালারপুল এলাকায় এস আলম গ্রুপের সিমেন্ট, ইস্পাত, সয়াবিন ও চিনিসহ বিভিন্ন খাতের ১০টির বেশি কারখানা রয়েছে। এসব কারখানায় কয়েক হাজার শ্রমিক কর্মরত ছিলেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে একে একে কারখানাগুলো বন্ধ হয়ে যায়। সর্বশেষ বন্ধ ঘোষণা করা হয় এস আলম সুগার মিল। ফলে বেকার হয়ে পড়েন হাজার হাজার শ্রমিক।
চাটগাঁ নিউজ/জেএইচ






