পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বিদেশফেরত মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে পটিয়া উপজেলার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ ফারেজ (২০) এবং আহতের নাম মো. রামিম (২১)। দুই জনের বাড়িই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
জানা গেছে, নিহত ফারাজ লোহাগাড়া উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নিহত হন এবং মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তি গুরুতর আহত হন।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি শাখায়েত হোসেন জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/ওবায়দুল/জেএইচ






