স্বামীর মোবাইল ফোন হ্যাক হয়েছিল, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

চাটগাঁ নিউজ ডেস্ক : রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী মাসুমা আক্তার।

তার দাবি, জাহাঙ্গীর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। স্বামীর মোবাইল ফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করতে তার চাকরির নথি ও বায়োডাটা দেখার আহ্বানও জানান তিনি।

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন মাসুমা আক্তার।

এসপি জাহাঙ্গীর আলমের স্ত্রী মাসুমা আক্তার বলেন, ‘আমার স্বামী ৫ আগস্ট ঢাকায় পুলিশ সদর দপ্তরে ছিলেন। তাকে ফেনীতে ছিলেন বলে যে অভিযোগ করা হচ্ছে, আপনারা তদন্ত করে দেখেন। আমার স্বামী নির্দোষ। এখন বাকিটা তদন্তের বিষয়। তার মোবাইল হ্যাক হয়েছিল। মোবাইল দিয়ে যোগাযোগের যে অভিযোগ করা হচ্ছে, সেটিও আপনারা যাচাই করে দেখেন। মোবাইল হ্যাক হওয়ার পরদিন থানায় জিডি করা হয়েছিল। জিডির কপি আছে, তবে তারিখ মনে নেই।’

তিনি বলেন, ‘আমার স্বামী ইংলিশে অনার্স-মাস্টার্স করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। মেধাতালিকায় ১১তম হয়েছিলেন। নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, কারও লবিংয়ে নয়। তিনি কোনোদিন ছাত্রলীগ বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তাকে ফাঁদে ফেলা হয়েছে। সব মিথ্যা অভিযোগ।’

এসপি জাহাঙ্গীরের স্ত্রীর বলেন,‘আমার স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। আপনারা তার চাকরির ফাইল ও বায়োডাটা দেখবেন। তার বাবা একজন গরিব কৃষক ছিলেন। কৃষকের ছেলে আমার স্বামী নিজের পড়াশোনার দিকে মনোযোগ দিয়েছেন। তার বাবা ১২-১৩ বছর আগে মারা গেছেন। বাবার নির্দেশে রাজনীতি করার যে কথা বলা হচ্ছে, তা ডাহা মিথ্যা। আমার স্বামী আদালতে বলেছেন, তিনি নির্দোষ। তিনি কোনো দোষ করেননি। আপনারা তদন্ত করে প্রকৃত ঘটনা বের করুন।’

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেল সোয়া তিনটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন। মামলায় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল বলে জানান পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি নথিভুক্ত করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। পরে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। গ্রেপ্তারের আগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top