চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যসহ বিশ্ববাজারে দুবাইয়ের তৈরি আবাইয়া বা বোরকার আলাদা কদর রয়েছে। আর এই বিশাল বাজারের নেপথ্যে বড় একটি ভূমিকা রাখছেন সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে থাকা বাংলাদেশি ব্যবসায়ী ও কারিগররা। প্রবাসীদের এই সাফল্যের মিছিলে নতুন করে যুক্ত হলো চট্টগ্রামের উদ্যোক্তা মোরশেদ বিন ওয়াদুদের প্রতিষ্ঠান ‘মার্ক রেডিমেড গার্মেন্টস’।
চট্টগ্রামের সন্তান মোরশেদ বিন ওয়াদুদের মালিকানাধীন এই প্রতিষ্ঠানে দেশি-বিদেশি সব ধরনের আধুনিক ও রুচিশীল বোরকার বিশাল কালেকশন রয়েছে।ক্রেতাদের সুবিধার্থে সরাসরি কেনাকাটার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে ঘরে বসেই পছন্দের পোশাক সংগ্রহের ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি।
১১ নভেম্বর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির দ্বার উন্মোচন করেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি মামুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল শাহিন, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আসিফ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সায়েম মোহাম্মদসহ আমিরাতে বসবাসরত প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিটি নতুন উদ্যোগ প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রাখে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হলে মরুর বুকে প্রবাসী উদ্যোক্তাদের এমন সাফল্যের পাল্লা আরও ভারী হবে—এমনটাই প্রত্যাশা সবার।
এফ এস/প্রেস বিজ্ঞপ্তি






