চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে ফেসবুকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়া পোস্টকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে দোকানের ভেতরে ঢুকে ছুরিকাঘাতে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় এলজি, একটি রিভলবার, সাত রাউন্ড কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে অন্তত ছয়টি মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, জমি নিয়ে বিরোধের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। সাব্বির ভুক্তভোগী মুরাদের চাচা টিবলুর কাছ থেকে চার শতক জমি কিনে ঘর নির্মাণের চেষ্টা করছিলেন। এ নিয়ে মুরাদের পরিবারের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। অন্যদিকে, বিগত সরকারের আমলে ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার সঙ্গে সাব্বিরের কিছু ছবি মুরাদের ভাই মানিকের কাছে ছিল। এসব ছবি ব্যবহার করে মানিক ফেসবুকে সাব্বিরকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে পোস্ট করছিলেন বলে অভিযোগ রয়েছে।
গত ১৪ নভেম্বর সন্ধ্যায় রাউজানের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নোয়াপাড়া পথেরহাটের ১ নম্বর গলির মৌসুমী স্টোরের ভেতরে ফেসবুক পোস্টের বিষয় নিয়ে সাব্বির ও মানিকের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মানিক সেখান থেকে চলে যান।
পরে ক্ষুব্ধ হয়ে সাব্বির মানিকের বড় ভাই ও দোকানমালিক ব্যবসায়ী মো. মুরাদকে ধাওয়া করেন। প্রাণভয়ে মুরাদ দৌড়ে আমির মার্কেটে নিজের দোকানে আশ্রয় নেন। কিন্তু পিছু ধাওয়া করে সাব্বিরও দোকানে ঢুকে পড়েন। সেখানে ‘ভিডিও কেন ডিলিট করিসনি’ বলে মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন। পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠান।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছুরিকাঘাতের পরও আহত মুরাদের কাছে নিজের সম্পর্কে প্রকাশিত ভিডিওগুলো মুছে ফেলার দাবি করছেন সাব্বির। তাকে বলতে শোনা যায়, ‘আমার যেসব ভিডিও পাবলিশ করেছিস, সবগুলো ভিডিও ডিলিট করবি।’ জবাবে রক্তাক্ত মুরাদ বলেন, ‘খোদার কসম, সব ডিলিট করে দিব।’
ভিডিওতে সাব্বিরকে মুরাদের ভাইকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার কথা বলতেও শোনা যায়। একপর্যায়ে ভিডিও প্রকাশের জন্য মুরাদের ভাই মানিককে দায়ী করে তার মাধ্যমে ক্ষমা চাওয়ানোর দাবি জানান তিনি। এ সময় মুরাদ ভাইকে দিয়ে সবার সামনে ক্ষমা চাওয়ানোর আশ্বাস দিয়ে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। দোকানের সামনে লোকজন এগিয়ে এলে সাব্বিরকে ‘কেউ সামনে আসবি না’ বলে হুমকি দিতেও শোনা যায়।
প্রকাশ্যে দোকানের ভেতরে এমন হামলার ঘটনায় পথেরহাটের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। কেনাকাটা করতে আসা নারীসহ সাধারণ ক্রেতারা ছোটাছুটি শুরু করেন। এতে ব্যস্ত বাণিজ্যিক এলাকাটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
এদিকে ঘটনার পর অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ। গত ১৫ নভেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় এলজি, একটি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ নভেম্বর রাত ১২টা ২৫ মিনিটে নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া এলাকায় তার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রান্নাঘরের সানসেটের ওপর প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা আরও একটি দেশীয় এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সাব্বির উদ্ধার হওয়া টিপ চাকুগুলোর একটি দিয়ে ব্যবসায়ী সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






