রাউজান প্রতিনিধি : রাউজানে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে একই এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েক মিনিটের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন চৌধুরী হিসেবে শনাক্ত করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় মহাসড়কে নাশকতার এ ঘটনা ঘটে।
এর প্রায় ১৮ ঘণ্টা আগে একই দিন ভোর ৫টার দিকে ওই এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়। মধ্যরাতের ঘটনার পর সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পুলিশ ও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা এলাকায় তৎপরতা জোরদার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও পাওয়া গেছে। পরে মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
খবর পেয়ে রাউজান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। পরে স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। সম্মিলিত প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে রাউজানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের নাশকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধে তাঁরা মাঠে অবস্থান করছেন বলে জানান।
এ বিষয়ে রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল বলেন, ‘ফ্যাসিস্টদের নাশকতা প্রতিহত এবং রাউজানের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির নেতৃত্বে আমরা পাহারায় ছিলাম। রাত সোয়া ১২টার দিকে এক অটোরিকশাচালক আমাদের জানান, চার-পাঁচটি মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।
তিনি বলেন, খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেন। এর মধ্যে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হাটহাজারীর দিকে পালিয়ে যায়। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তাদের ধরা সম্ভব হয়নি। পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের সঙ্গে নিয়ে সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে নেয় এবং অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। একই দিন ভোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ থেকে ১০ জন কর্মী কয়েক সেকেন্ডের জন্য ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করে পালিয়ে যায়।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাত সোয়া ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত টায়ার নিভিয়ে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। সেখান থেকে তিনটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। গুলি ছোড়া হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।’
একই দিন ভোরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের বিষয়ে ওসি বলেন, স্বল্প সময়ের ওই মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি কদলপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী। মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত।
এদিকে, ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সামনে আসার পর সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কদলপুর ইউনিয়ন বিএনপির।
ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক ছিলেন। এর আগে তিনি যুবদলের দায়িত্বেও ছিলেন। রাউজানকে অস্থিতিশীল করার অপচেষ্টায় তাঁর ছেলের ভূমিকার কারণে তাঁকে আগেও কয়েকবার সতর্ক করে ছেলেকে অপকর্ম থেকে বিরত রাখার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হওয়ায় সোমবারের ঘটনার পর তাঁকে কার্যত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী দলীয় সভায় তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে সেলিম উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/জয়নাল/এসএ






