চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে পাঁচজনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে পাচারচক্রের সদস্যরা।
সোমবার (১৬ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ লম্বরী নৌঘাট দিয়ে কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতির খবর পায় বিজিবি। পরে ২ বিজিবির অধিনায়কের নির্দেশনায় একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।
এ সময় নৌঘাট এলাকায় ১৫ থেকে ২০ জনের উপস্থিতি দেখতে পায় টহল দল। সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে সেটিকে ধাওয়া করে বিজিবি। একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাটি সাগরের দিকে পালিয়ে যায়। একই সঙ্গে তীরে অপেক্ষমাণ ৫ থেকে ১০ জন রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচজনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডীর হায়দারপাড়া গ্রামের নাজির আহম্মদের ছেলে জাহিদুল ইসলাম (২৫), দক্ষিণ পাকারমড়া গ্রামের সোলেমানের ছেলে রাকিব হাসান (২২), পোড়াখালী গ্রামের এজাহার মিয়ার ছেলে আবদুল্লাহ হোসেন (৪৫), রামু উপজেলার গর্জনিয়ার কিয়াজুর বিল গ্রামের বক্কর আহম্মদের ছেলে আবদুল গফুর (২১) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী এলাকার রুহুল আমিনের ছেলে রিদুয়ান মিয়া (১৯)।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা তাদের জোরপূর্বক মানব পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মানব পাচার ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। দেশের সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানব পাচার প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর।
উদ্ধার হওয়া পাঁচজনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






