চট্টগ্রাম ওয়াসার ১০ লাখ টাকা বকেয়া: দুই সংযোগ বিচ্ছিন্ন

চাটগাঁ নিউজ ডেস্ক : ১০ লাখ টাকা বিল বকেয়া থাকায় দুই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছে চট্টগ্রাম ওয়াসা। পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গোলপাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।

অভিযানে গোলপাহাড় মোড় এলাকায় বকেয়া গ্রাহকের ২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই ২টি সংযোগের বিপরীতে বকেয়া পরিমাণ ১০ লাখ টাকা।

এ ছাড়াও এলাকায় ৪টি গভীর নলকূপ লাইসেন্সের আওতায় আনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মোবাইল কোর্টে সর্বমোট ৩ লাখ টাকা বকেয়া আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে বলেন, চট্টগ্রাম ওয়াসা সম্প্রতি বকেয়া রাজস্ব আদায়ে জোর তৎপরতা শুরু করেছে। অবৈধভাবে গভীর নলকূপ স্থাপনকারীদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের রাজস্ব আদায়ে চট্টগ্রাম ওয়াসা বদ্ধপরিকর।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top