সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ইসরাত জাহান সামিয়া (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নলুয়াপাড়া (ফকিরহাট) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সামিয়া ওই এলাকার প্রবাসী মো. বাহার উদ্দিন শাহিনের স্ত্রী। তিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আলী আকবরের মেয়ে। আগামী ৩০ জুন তার স্বামীর প্রবাস থেকে দেশে ফেরার কথা ছিল।

নিহতের চাচা মোয়াজ্জাম হোসেন জানান, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে সামিয়ার বিয়ে হয়। গত এক সপ্তাহ তিনি বাবার বাড়িতে ছিলেন। দুই দিন আগে শ্বশুরবাড়িতে ফিরে যান। পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই সময় কাটিয়েছেন। ঘটনার দিন দুপুরেও শ্বশুর-শাশুড়ির সঙ্গে একসঙ্গে খাবার খান। পরে রাতে তার মৃত্যুর খবর পরিবার জানতে পারে।

তিনি আরও বলেন, সামিয়া বাবার বাড়িতে থাকাকালে স্বাভাবিক ও হাসিখুশি ছিলেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিরোধ বা পারিবারিক কলহের বিষয় আমাদের জানা নেই। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top