উখিয়ার ইনানী সৈকতে নেমে হাটহাজারীর যুবক নিখোঁজ

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে সাগরের ঢেউয়ে তলিয়ে মোহাম্মদ সায়েম (২২) নামে এক হাটহাজারীর এক যুবক নিখোঁজ হয়েছেন।

আজ শনিবার (২৭ জুন) দুপুরের দিকে ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিখোঁজ সায়েম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মো. ইকবালের সন্তান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধু আরমানকে সঙ্গে নিয়ে ইনানী সৈকতে বেড়াতে আসেন সায়েম। পরে তারা দু’জন সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে উত্তাল ঢেউয়ের মধ্যে সায়েম তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধু আরমান তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি।

আরমানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নৌকাসহ বিভিন্ন উপায়ে উদ্ধার অভিযান চালায়। তবে সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান এখন অব্যাহত রয়েছে।

ইনানী বিচকর্মী বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করি। কিন্তু এখনো যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার বলেন, এক যুবক সাগরে নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, খবর পাওয়ার পর আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নিখোঁজ যুবককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ

Scroll to Top