বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে রুমা আক্তার সীমা (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের শরীফপাড়া এলাকার আলী চান তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রুমা আক্তার সীমা একই এলাকার প্রবাসী জানে আলমের স্ত্রী। তাদের সংসারে সাত বছর বয়সী এক ছেলে ও দুই বছর বয়সী এক মেয়ে রয়েছে।
নিহতের ভাই সাকিব জানান, সীমার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। শাশুড়ির মৃত্যুর পর তার শ্বশুর দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে শ্বশুর ও তার দ্বিতীয় স্ত্রী সীমাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন





