টেকনাফে অভিযানে ১০ গ্রেনেড ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে নাফ নদীসংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি এবং ২ কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (১৪ জুন) দুপুরে টেকনাফের জাদিমুড়া বৌদ্ধ মন্দিরসংলগ্ন লবণ মাঠে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মোক্তাদীন ছিদ্দিকী।

তিনি জানান, শনিবার রাতে পরিচালিত বিশেষ অভিযানে জাদিমুড়া এলাকার মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গোলাবারুদ ও মাদকদ্রব্যের সন্ধান পাওয়া যায়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীতে ব্যবহৃত দুটি ৩৬এম এমকে-১ হ্যান্ড গ্রেনেড, আটটি ৪০ মিলিমিটার এইচইডিপি গ্রেনেড এবং ৭.৬২ মিলিমিটার ক্যালিবারের ২৮ রাউন্ড তাজা গুলি। একই স্থান থেকে ২ কেজি গাঁজাও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের দাবি, এসব অস্ত্র ও মাদক মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠী সেখানে লুকিয়ে রেখেছিল। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গোষ্ঠীটির সদস্যরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, উদ্ধার হওয়া গ্রেনেড ও গোলাবারুদ অসাধু ব্যক্তিদের হাতে পড়লে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। কোস্ট গার্ডের এই অভিযানের ফলে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা ও নাফ নদী এলাকায় মাদক পাচার, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে কোস্ট গার্ডের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top