সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিরোধ করল বিজিবি

চাটগাঁ নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রবিবার (১৪ জুন) ভোরে দর্শনা-গেদে সীমান্তের ৭৬ ও ৭৭ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানিয়েছে, পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। ভোরের দিকে বিএসএফ তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ওই ১১ জনকে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি এলাকায় অবস্থান করতে দেখা গেলেও পরবর্তীতে তারা কোথায় গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, ভোর সাড়ে ৪টার পর বিএসএফ ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায়। বিজিবির দ্রুত পদক্ষেপের কারণে সেই উদ্যোগ সফল হয়নি।

তিনি জানান, সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনার আশঙ্কা থাকায় সীমান্ত এলাকায় টহল, গোয়েন্দা নজরদারি এবং অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top