চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের অনুষ্ঠানের জন্য লাইটিং সামগ্রী বহনকারী একটি ট্রাক্টর দুর্ঘটনার কবলে পড়ে মোহাম্মদ সাকিল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিল মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জের একটি বিয়ের অনুষ্ঠানে ব্যবহারের জন্য লাইটিং সরঞ্জাম নিয়ে ট্রাক্টরযোগে যাচ্ছিলেন সাকিল। পথে আরশিনগর ফিউচার পার্কের সামনে পৌঁছালে ট্রাক্টরের একটি চাকা খুলে গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সাকিল সড়কে ছিটকে পড়েন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন জানান, দূর থেকে একটি উল্টে থাকা ট্রাক্টর দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, চালক সড়কে পড়ে মারা গেছেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





