খুলনায় মসজিদে ফজরের নামাজরত অবস্থায় দুই মুসল্লিকে গুলি

চাটগাঁ নিউজ ডেস্ক: খুলনায় ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে ঢুকে দুই মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে দুজনই গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন।

রবিবার (১৪ জুন) ভোর ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে মহানগরীর দৌলতপুর থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের বিএল কলেজ রোডস্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— নগরীর খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড উত্তর কাশিপুর এলাকার (ফরহাদ সাহেবের বাড়ির পাশে) মৃত জব্বারের ছেলে লোকমান হাকিম (৫৫) এবং একই এলাকার যমুনা রোডের মৃত আব্দুল খালেকের ছেলে আলম শেখ (৫৬)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ওজোপাডিকোর বিদ্যুৎ জামে মসজিদে অন্যান্য মুসল্লিদের সঙ্গে লোকমান হাকিম ও আলম শেখ ফজরের নামাজ আদায় করছিলেন। নামাজ চলাকালীন আকস্মিক কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে সরাসরি ওই দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় তারা মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গোলাগুলির শব্দ শুনে স্থানীয় মুসল্লিরা দ্রুত আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।

অন্যদিকে আলম শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। হামলার সঠিক কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

তিনি আরও জানান, লোকমান হাকিম ওজোপাডিকোর একজন ঠিকাদার ও জ্বালানি তেল ব্যবসায়ী। পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top