প্রবাল এক্সপ্রেসে মিলল ২০ হাজার ইয়াবার, যুবক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১৯ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ।

রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে প্রবাল এক্সপ্রেস ট্রেনের ‘গ’ বগির টয়লেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইসমাইল হোসেন (৪০), দিনাজপুর জেলার বিরামপুর থানার মনিরামপুর এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিশ্বজিৎ পালের নেতৃত্বে পুলিশের একটি দল ট্রেনে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে তার কাঁধে ঝোলানো ব্যাগ তল্লাশি করে কালো পলিব্যাগে স্কচটেপে মোড়ানো ১৯ হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে ইয়াবাগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ইতিহাসে এটি রেকর্ড সংখ্যক ইয়াবার চালান জব্দের ঘটনা। মাদক চোরাচালান প্রতিরোধে রেলওয়ে পুলিশ সর্বদা সজাগ ও তৎপর রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top