চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে বসানো দেড় শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় ফুটপাত ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চার ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
রোববার (৭ জুন) বিকেলে নগরীর আন্দরকিল্লা মোড় থেকে সিরাজউদ্দৌল্লা রোডের সাব-এরিয়া হয়ে দেওয়ানবাজার পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ভাসমান দোকান বসানো হয়েছিল। এতে পথচারী ও যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটছিল। অভিযানে প্রায় দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।
এ সময় ফুটপাত ও সড়ক দখল করে দোকানের মালামাল ও নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ





