ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, হাসপাতালে হাইকমিশনার

চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন থেকে সৃষ্ট ঘন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। পরে তাদের চিকিৎসার জন্য গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে দেখা যায়, কক্ষে বড় ধরনের আগুন না থাকলেও ঘন ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন ছিল। পরে বালতি ও মগে পানি ব্যবহার করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন নেভানোর পর বিশেষ যন্ত্রের মাধ্যমে ভবনের ভেতরের ধোঁয়া অপসারণ করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, টেলিভিশনে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণের সময় হাইকমিশনার ও তার স্ত্রী শারীরিকভাবে মোটামুটি সুস্থ ছিলেন। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে তারা শ্বাসকষ্ট ও অসুস্থতা অনুভব করলে সকাল ৯টার দিকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের অ্যাডমিশন বিভাগের তথ্য অনুযায়ী, হাইকমিশনার ইমরান হায়দার বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে তার স্ত্রী নাইমা ইমরানকে একটি কেবিনে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুজনই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top