রেস্তোরাঁ মালিকদের বয়কটের জবাবে ফুডপ্যান্ডার বিবৃতি

চাটগাঁ নিউজ ডেস্ক: বহুজাতিক অনলাইন খাদ্য সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডার বিরুদ্ধে কমিশনের বাইরে নানা ধরনের হিডেন চার্জ, জটিল ভাবে হিসাব সরবরাহ, অর্ডার বাতিলের একতরফা জরিমানা ও রিফান্ডের নামে টাকা কেটে নেওয়াসহ ৬টি সুস্পষ্ট অভিযোগ তুলে প্ল্যাটফর্মটি বয়কটের ঘোষণা দেয় চট্টগ্রাম মহানগরীর রেস্তোরাঁ মালিকদের বড় একটি অংশ। এরই জবাবে একটি বিবৃতি দিয়েছে ফুডপ্যান্ডা বাংলাদেশ।

আজ শনিবার রাতে ফুডপ্যান্ডা বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের প্রধান জাহেদুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

বিবৃতিতে জানানো হয়, নিবন্ধিত করপোরেট প্রতিষ্ঠান হিসেবে ফুডপ্যান্ডা প্রতিটি রেস্তোরাঁর সঙ্গে সরাসরি চুক্তি করে। বাণিজ্যিক শর্ত নির্ধারণের ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের সংগঠনের মাধ্যমে আলোচনা না করে সংশ্লিষ্ট রেস্তোরাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়।

চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট অংশীজনদের উত্থাপিত বিভিন্ন বিষয় ও যৌক্তিক উদ্বেগের সমাধানের জন্য আমরা রেস্তোরাঁ অংশীদারদের সঙ্গে সরাসরি আলোচনা করছি।

এতে আরো বলা হয়, রেস্তোরাঁ অংশীদারদের সঙ্গে আমাদের চুক্তিগুলো পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পাদিত হয়। পারস্পরিক আস্থাই এসব অংশীদারত্বের মূল ভিত্তি এবং একইসাথে একটি সফল ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার জন্য অপরিহার্য।

আমরা মনে করি, ফুডপ্যান্ডার সেবা বন্ধ থাকলে রেস্তোরাঁগুলোর বিক্রি কমবে, পাশাপাশি রাইডারদের আয় কমে যাবে এবং ভোগান্তিতে পড়বেন সাধারণ গ্রাহকেরা।

তাই সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে এ পরিস্থিতির ইতিবাচক সমাধান করতে ফুডপ্যান্ডা প্রতিশ্রুতিবদ্ধ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top