চাটগাঁ নিউজ ডেস্ক : দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে নিজের কর্মকাণ্ড, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। নির্বাচন পরিচালনা, জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান, দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, নাগরিক সেবা ও মানবিক উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রমের বিবরণ দেন তিনি।
রোববার (২২ নভেম্বর) দুপুরের দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, ২০২৫ সালের ১৮ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর গত এক বছরে চট্টগ্রামের বিভিন্ন সমস্যা মোকাবিলায় প্রশাসন কাজ করেছে। এ সময় সহযোগিতার জন্য সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় ১৬টি আসনের প্রায় ৬৭ লাখ ভোটারের জন্য নিরাপত্তা পরিকল্পনা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, কর্মকর্তাদের প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছিল।
জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে প্রাণহানি ছাড়াই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে সরকারি প্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি বাসিন্দাদের বাসস্থান, খাদ্য ও চলাচলের অধিকার নিশ্চিত করতে হবে।
দুর্যোগ মোকাবিলায় জুলাইয়ের বন্যায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং বাঁশখালীতে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০টি ঘর নির্মাণের কথা জানান তিনি। পরিবেশ সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার, একদিনে এক লাখ বৃক্ষরোপণ এবং হালদা ও কর্ণফুলী নদীর দূষণ ও দখল রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান।
নাগরিক সেবার অংশ হিসেবে নিয়মিত গণশুনানি, প্রবাসীদের অনলাইন গণশুনানি, কারাবন্দীদের স্বজনদের সঙ্গে যোগাযোগে ইন্টারকম এবং শিক্ষার্থীদের প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা চালুর কথা তুলে ধরেন জেলা প্রশাসক। পাশাপাশি অসহায় মানুষ, প্রতিবন্ধী, এতিম শিশু এবং ক্যানসার ও কিডনি রোগীদের সহায়তার বিভিন্ন উদ্যোগের বিবরণ দেন তিনি।
তিনি আরও জানান, চট্টগ্রামের বিভিন্ন সরকারি স্থাপনা সংস্কার, সাংস্কৃতিক আয়োজন, ভূমিসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও অগ্রগতি হয়েছে। চুয়েটের উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার এবং সীতাকুণ্ডে শিক্ষার্থীদের আন্দোলন নিরসনেও প্রশাসন ভূমিকা রেখেছে।
আগামী দিনের চ্যালেঞ্জ হিসেবে জঙ্গল সলিমপুরের উন্নয়ন, নদীদূষণ, জলাবদ্ধতা, অবৈধ দখল প্রতিরোধ ও সরকারি সেবার মানোন্নয়নের কথা উল্লেখ করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, সরকারি সেবার মান বাড়াতে কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন জরুরি। শুধু শাস্তির ভয় দেখিয়ে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, “আমি চাই না, আমার সন্তান এই দেশ ছেড়ে চলে যাক। আমরা সবাই একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশে বসবাস করতে চাই।”
সংবাদ সম্মেলনে আগামী দিনেও সরকারের কর্মসূচি বাস্তবায়ন ও নাগরিক প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
চাটগাঁ নিউজ/এসএ






