চাটগাঁ নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সাগর উত্তাল থাকায় সৃষ্ট পরিস্থিতিতে টানা তিনদিন পর সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ফলে আটকে পড়া পর্যটকরা ছেড়েছেন সেন্টমার্টিন দ্বীপ।
আজ রবিবার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পাঁচটি জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে ছিল ১ হাজার ৮৭০ জন পর্যটক। ফিরে আসার সময় জাহাজগুলো প্রায় ৮০০ পর্যটক নিয়ে কক্সবাজার জেটিতে ভিড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘আকভান’এর প্রভাবে সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে দেড় হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিনে আটকে পড়েন। পরে কয়েক দফায় বেশ কিছু যাত্রী ট্রলারে করে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরেছেন। এরপরেও প্রায় আটকা ছিলেন আরও ৮ শতাধিক পর্যটক। রবিবার সকাল থেকে জাহাজ চলাচল শুরু করায় আটকে পড়া পর্যটকরা ফেরার পর্ব শুরু করেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছিলেন। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে শনিবার প্রায় ৭ শতাধিক পর্যটক ১৬টি ট্রলারে টেকনাফ হয়ে ফিরে গেছেন এবং বাকি প্রায় ৮ শতাধিক পর্যটক আজ জাহাজে করে কক্সবাজার রওনা হয়েছেন।
এদিকে ফিরে আসা পর্যটকদের সাথে কথা বলে জানা গেছে, আটকে থাকার ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। অনেকের বিমান টিকিট, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে হোটেল বুকিং ছিল। আবার সেন্টমার্টিনে অতিরিক্ত রাত্রিযাপনের ফলে অতিরিক্ত টাকা খরচ হয়েছে।
সিরাজগঞ্জ থেকে ভ্রমণে আসা আমিনুল ইসলাম বলেন, জাহাজ মালিকরা যদি সচেতন থাকতেন, পর্যটকদের যদি আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্ক করতেন তাহলে পর্যটকেরা ভোগান্তি ও আর্থিক ক্ষতির শিকার হতেন না। সমন্বয়হীনতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ায় আজ সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন সাগরপথে জাহাজ চলাচলের নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত উন্মুক্ত হওয়ার পর ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে।
মৌসুম শুরুর পর পর্যটকের যাতায়াত বাড়তে থাকে। গত ১৩ নভেম্বর সেন্টমার্টিন ভ্রমণ করেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক। মৌসুম শুরুর পর এক দিনে এটিই ছিল সর্বোচ্চ পর্যটক যাতায়াত।
চাটগাঁ নিউজ/জেএইচ






