অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, স্বামী-দেবর গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের চান্দগাঁওয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের জন্য মারধর, গলা চেপে ও ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টার মামলায় স্বামী ও দেবরকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ভোরে নগরের বহদ্দারহাট এলাকার চৌধুরী বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- নগরের বহদ্দারহাট এলাকার চৌধুরী বাড়ির সাতকানিয়া উপজেলার উত্তর রামপুর মৌলভীপাড়ার মাওলানা হারুনুর রশিদের ছেলে আবদুল্লাহ আল মামুন (২৯) ও তার ছোট ভাই আবু হানিফ নোমান (২২)। তাদের বাসা নগরের বহদ্দারহাট এলাকার চৌধুরী বাড়ি এলাকায়।

এ ঘটনায় স্বামীর পরিবারের আরও চার সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই নারীর বাবা।

মামলার এজাহারে অভিযুক্ত আসামিরা হলেন- পটিয়া মনসা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ শ্বশুর হারুনুর রশিদ, শাশুড়ি জান্নাত আরা খানম, সাকিয়া কাউসার তামান্না ও মিজবাহুল জান্নাত তানিয়া।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বাংলানিউজকে বলেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের জন্য মারধর, গলা চেপে ও ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টার মামলায় স্বামী ও দেবরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (আজ) আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২২ আগস্ট আবদুল্লাহ আল মামুনের সঙ্গে ছদ্মনাম নাজরিন (২২) বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের পরিবার আসবাব, স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার দেয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য তানজিনাকে চাপ দিতে থাকেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। সংসারের কাজকর্ম নিয়ে তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো। একপর্যায়ে স্বামী ইতালি বা কানাডা যাওয়ার কথা বলে ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা তানজিনাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে নিজেদের বাসায় নিয়ে যান। দুই পরিবারের মধ্যে সমঝোতার পর তাঁকে আবার স্বামীর বাড়িতে পাঠানো হয়।

অভিযোগ অনুযায়ী, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে পুনরায় ১৫ লাখ টাকা দাবি করে তানজিনাকে মারধর করা হয়। এ সময় স্বামী তাঁকে কিল-ঘুষি মারেন। শাশুড়ি গলা চেপে ধরেন। শ্বশুর ও ননদও মারধর করেন। দেবর ঘর থেকে বের হওয়ার পথ বন্ধ করে দেন। স্বামীর বড় বোন ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তাঁকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরদিন গত ১৮ নভেম্বর তানজিনাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। সেখানে ১৯ নভেম্বর পর্যন্ত চিকিৎসা নেন তিনি। চিকিৎসকের ছাড়পত্রে তাঁর প্রায় ২০ সপ্তাহ ৬ দিনের অন্তঃসত্ত্বা থাকার তথ্য উল্লেখ রয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top