চাটগাঁ নিউজ ডেস্ক : ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর প্রলোভন দেখান তারা। বিশ্বাস অর্জনের জন্য দেন ভিসাও। কিন্তু সেই ভিসা আসলে জাল। বিমানবন্দরে অভিবাসন পুলিশের যাচাইয়ে ধরা পড়ে প্রতারণার বিষয়টি। এর আগেই ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় টাকা। এমন একটি প্রতারক চক্রের সদস্য আবদুল মাবুদকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানতে পেরেছে পুলিশ।
আজ রোববার সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার একটি হোটেল থেকে আবদুল মাবুদকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে বিভিন্ন এলাকার ১৭টি পাসপোর্ট ও সার্বিয়ার ৫ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে। মাবুদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
সার্বিয়া যাওয়ার জন্য টাকা দেওয়া ব্যক্তিদের একজন মো. সাইফুল। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ সদরে। তিনি বলেন, তার এলাকার মামুন শেখ নামের একজনের মাধ্যমে সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট দিয়েছিলেন। আগামীকাল সোমবার তার ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে তার পাসপোর্টসহ চক্রের এক সদস্য গ্রেপ্তার হওয়ার বিষয়টি তিনি জানেন না। তার জানামতে, তাঁদের এলাকার মো. হাসানসহ অনেকেই সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট ও টাকা দিয়েছেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল মাবুদকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার করা পাসপোর্টগুলো ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষের। সার্বিয়া যাওয়ার আশায় তারা চক্রটির কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাবুদ জানিয়েছেন, ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর কথা বলে তারা লোকজনের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করতেন।
তিনি আরও বলেন, বিশ্বাস অর্জনের জন্য জাল ভিসা দেওয়া হতো। এর আগেই নেওয়া হতো টাকা। বিমানবন্দরে ভিসা জাল হিসেবে শনাক্ত হলে ভুক্তভোগীদের অন্য সমস্যা আছে বলে জানানো হতো। চক্রটির সদস্যরা ঢাকা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছেন। সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তারা প্রতারণা করছেন। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চাটগাঁ নিউজ/এসএ






