ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন সাদিক কায়েম।

স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ তাঁর বাড়িতে হামলার চেষ্টা চালিয়েছে। ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা ছিলেন। তাঁর ভাষ্য, হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রলবোমা ছোড়ে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

সাদিক কায়েমের দাবি, পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা ছিল হামলাকারীদের। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।

স্ট্যাটাসে তিনি আরও অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের লোকজন আবারও দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, পেট্রলবোমা ও অগ্নিসন্ত্রাস চালিয়ে ‘অপশক্তি’ তাঁদের দমাতে পারবে না। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড তাঁদের লড়াইকে আরও দৃঢ় করবে। বাংলাদেশের মাটিতে ‘ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির’ পুনর্বাসন হতে দেওয়া হবে না বলেও তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৩টার পরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সারা দেশের মতো এখানেও অগ্নিসংযোগের চেষ্টা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরের দেওয়ালে আগুন দেওয়ার চেষ্টা করেছিল।

তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় থানায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ হয়নি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top