আনোয়ারা প্রতিনিধি: সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়ানোর চেষ্টা এবং পিএবি সড়কে আগুন ও অবরোধের চেষ্টার ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) আনোয়ারা থানার এসআই মো. মনির হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আটজনকে গ্রেপ্তারও করেছে। গ্রেপ্তারকৃতদেরও এ মামলায় আসামি করা হয়েছে।
মামলায় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার রবি, আসিফুল ইসলাম বাপ্পি, এ কে খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দক্ষিণ জেলা শাখার যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা মো. ইয়াছিন, রেজাউল করিম চৌধুরী আনিসসহ আনোয়ারা, বাঁশখালী ও কর্ণফুলী উপজেলার ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের অনেকেই দেশের বাইরে থাকলেও পরস্পর যোগসাজশে গত ১৯ নভেম্বর উপজেলার চাতরী চৌমুহনী বাজারে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে এবং বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাট এলাকার সড়কে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে রাষ্ট্রের ক্ষতিসাধনের চেষ্টা করেন। আসামিদের অনেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এবং অর্থ দিয়ে এসব ঘটনা ঘটিয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ






