মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘাতক ছোট ভাই সম্পর্কে নিহতের সৎ ভাই বলে জানা গেছে।
আজ রবিবার (২২ নভেম্বর) সকালে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় ঘাতক সৎ ভাই নেছারকে স্থানীয় জনতা আটক করে পুলিশকে দিয়েছে।
নিহত হাজী মহিবুল্লাহ (৬০) কুতুবজোম ইউনিয়নে খোন্দকার পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।
আটক ছোট ভাই নেছারের স্বীকারোক্তি মোতাবেক পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে জমি নিয়ে বিরোধের জেরে ঘাতক নেছার পেছন থেকে তার বড় ভাই মহিবুল্লাহকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এসময় ঘটনাস্থলেই মহিবুল্লাহ মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান সৎ ভাইয়ের হাতে বড় খুন হয়েছে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। পাশাপাশি অভিযুক্তকে আটক করেছে বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/হোবাইব/জেএইচ






