ইউটিউব-চ্যাটজিপিটির সহায়তায় বাসায় তৈরি হচ্ছিল ইয়াবা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে এবার উদ্ধার হয়েছে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম। এ মেশিনে তৈরি ইয়াবা দীর্ঘ দিন ধরে বন্দর নগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম তৌহিদুল আলম আকিব (১৯)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলগাঁও এলাকার বাসিন্দা। হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নে বসবাস করেন তিনি।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ মহিম বলেন, গ্রেপ্তারের পর তৌহিদুল আলম আকিব পুলিশকে জানান ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় তিনি ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেন। এরপর নারায়ণগঞ্জ থেকে ইয়াবা তৈরির মেশিন কিনেন। তার বর্তমান ভাড়া বাসায় মেশিন স্থাপন করেন। পরবর্তীতে ইয়াবা ট্যাবলেট তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গত শনিবার রাতে চান্দগাঁও থানা এলাকার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তৌহিদুল আলম আকিব নামে এক ব্যক্তিকে পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া গ্রেপ্তার করেন। এ সময় তার শরীরে তল্লাশি করে দুইটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে আকিবকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন, তার বাসায় ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিন রয়েছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম তাকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানার কুয়াইশ সাজেদা ম্যানশনের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে। পরে তার দেখানো মতে একটি ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিন ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top