ফটিকছড়িতে ব্যবসায়ীকে গুলি করে পালাল দুর্বৃত্তরা

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ আবছার উদ্দীন চৌধুরী নামে এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।

আজ রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবছার উদ্দীন চৌধুরী ওই এলাকার সাফায়েত হোসেন চৌধুরীর ছেলে।

ঘটনার পর স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক রাশেদুল হাসান জানান, আহত ব্যক্তির ডান হাত, বাম পা ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয় ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ইকবাল জানান, দুর্বৃত্তদের বিভিন্ন অপকর্মের তথ্য প্রশাসনকে দেওয়ার কারণে আবছার উদ্দীনের ওপর এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানানো হবে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ

Scroll to Top