চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৩৩ জনকে আটক করেছে। তাদের মধ্যে ১৬৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৬৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।একই সময়ে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান চালিয়ে ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের ফলাফল রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি আটক করা হয়েছে কুমিল্লায় ১৭৪ জনকে। এ ছাড়া চট্টগ্রামে ৪৩, লক্ষ্মীপুরে ২৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১৮, কক্সবাজারে ১৬, খাগড়াছড়িতে ১৫, নোয়াখালীতে ১৪, রাঙামাটিতে ৯, চাঁদপুরে ৮, বান্দরবানে ৭ এবং ফেনীতে ৩ জনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া ৭১১ জনের মধ্যে নিয়মিত মামলায় ৬৯, পূর্ববর্তী মামলায় ১২৪, পুলিশ আইনের ৩৪ ধারায় ১৬ এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ১২ জন, পরোয়ানাভুক্ত ১০৩ এবং সাজা পরোয়ানাভুক্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কুমিল্লায় ৪১, চট্টগ্রামে ১৮, নোয়াখালীতে ১০, খাগড়াছড়িতে ৯, চাঁদপুরে ৬, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে ৫ জন করে, ফেনীতে ৩ এবং কক্সবাজারে ২ জন রয়েছেন।
মাদকবিরোধী অভিযানে ২৩টি মামলা হয়েছে। মাদকসেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ জনকে কারাদণ্ড এবং ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ৪ হাজার ৪৭২টি ইয়াবা, ৫০টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ৫৯ বোতল বিদেশি মদ এবং ১৪৩ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






