চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারার ডুমুরিয়া গ্রামের সন্তান হামিদ হাসান আলভির প্রতিষ্ঠিত পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস’ পুরস্কার পেয়েছে। সবুজ শিল্পায়ন ও পরিবেশবান্ধব উৎপাদনে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হামিদ হাসান আলভি। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় দুই লাখ বর্গফুট জায়গাজুড়ে পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কারখানা গড়ে উঠেছে। গত পাঁচ বছর ধরে সেখানে আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত পলিথিন টেরেফথ্যালেট (পিইটি) বোতল প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে রিসাইকেলড পিইটি (আরপিইটি) ফ্লেক্স। এসব ফ্লেক্স শিল্পকারখানায় নতুন পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
প্রতিষ্ঠানটির উৎপাদিত কাঁচামাল রপ্তানি হচ্ছে স্পেন, ইতালি, জার্মানি, লিথুয়ানিয়া ও বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে। বছরে প্রায় ১৪ হাজার ৪০০ মেট্রিক টন উৎপাদন সক্ষমতার এ কারখানায় কর্মরত রয়েছেন শতাধিক কর্মী। এতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি কর্মসংস্থান ও রপ্তানি আয়েও অবদান রাখছে প্রতিষ্ঠানটি।
কারখানাটিতে বর্জ্য পুনর্ব্যবহারের পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যুতের চাহিদা মেটাতে স্থাপন করা হয়েছে ২৪০ কিলোওয়াট-পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা। উৎপাদনে ব্যবহৃত পানি পুনর্ব্যবহারে রয়েছে ক্লোজড-লুপ প্রযুক্তি। বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বায়োমাস। এ ছাড়া প্লাস্টিক পুনর্ব্যবহার-সংক্রান্ত ইউরোপীয় আন্তর্জাতিক মানের সনদও অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
হামিদ হাসান আলভির বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামে। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন। প্রকৌশলবিদ্যার জ্ঞান কাজে লাগিয়ে বর্জ্য পুনর্ব্যবহারকে শিল্পে রূপ দেওয়ার উদ্যোগ নেন তিনি।
জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি প্রতিষ্ঠানের কর্মী এবং মাঠপর্যায়ে প্লাস্টিকের বোতল সংগ্রহের সঙ্গে যুক্ত শ্রমিকদের উৎসর্গ করেছেন আলভি। তার মতে, এ উদ্যোগ বাস্তবায়নে তাদের অবদান গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে সবুজ শিল্পের বিকাশে অর্থায়ন ও নীতিগত সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরে পাশে থাকার জন্য এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
একসময় পরিবেশদূষণের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত প্লাস্টিক এখন সঠিক ব্যবস্থাপনায় রপ্তানিযোগ্য শিল্পের কাঁচামালে পরিণত হচ্ছে। হামিদ হাসান আলভির উদ্যোগ দেখাচ্ছে, প্রযুক্তি ও পরিকল্পিত পুনর্ব্যবহারের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাও কীভাবে শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার খুলতে পারে।
চাটগাঁ নিউজ/এসএ






