মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

চাটগাঁ নিউজ ডেস্ক: শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মাধ্যম নয়; শিক্ষা মানুষকে আলোকিত করে, বিবেকবান করে এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে শেখায়। আর মেধাবীদের যথাযথ স্বীকৃতি দেওয়া মানে শুধু তাদের অতীত অর্জনকে সম্মান জানানো নয়, বরং ভবিষ্যতের পথে তাদের আরও সাহসী ও আত্মবিশ্বাসী করে তোলা।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

মাস্টার সৈয়দুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত, ২০২৬ সালের এসএসসি এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মোট ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে একজন অসুস্থ রোগীকে হুইল চেয়ার এবং শিলাইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুইটি সিলিং ফ্যান প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রশিদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আনোয়ারা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মদ হাসান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আকতার উদ্দিন, আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরোজ আহমদ, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপুর কান্তি মহাজন, মাওলানা সালাম সিদ্দিক, মাহাতা পাটনিকোটা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল কাদের এবং সাংবাদিক মোরশেদ হোসেন, সাজ্জাদ হোসেন ও হিজবুল্লাহ সোহেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মকছুদর রহমান চৌধুরী, মুজিবর রহমান চৌধুরী, মো. আবদুল মান্নান, মো. লোকমান চৌধুরী, সেকান্দর হায়াত খান, মাস্টার আবদুর রহিম, মুহাম্মদ মোতাহেরুল ইসলাম, মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মহাসচিব মো. শহিদুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top