আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থান ও স্বার্থ রক্ষায় বিশেষ সুরক্ষার আশ্বাস
সিপ্লাস টিভির বিশেষ সাক্ষাৎকারে সাঈদ আল নোমান

চাটগাঁ নিউজ ডেস্ক: তানজানিয়ার আরুশায় চলমান ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অধিবেশনের মঞ্চে বড় ধরনের কূটনৈতিক সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি শ্রমবাজারের সুরক্ষায় দ্বিপাক্ষিক এক হাই-ভোল্টেজ বৈঠকে মিলিত হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে ইউএইর ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের (এফএনসি) প্রতিনিধিদলের প্রধান এবং দেশটির প্রতিরক্ষা, অভ্যন্তরীণ ও পররাষ্ট্রবিষয়ক কমিটির শক্তিশালী চেয়ারম্যান ড. আলী রশিদ আল নুয়াইমির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ও সংসদ সদস্য সাঈদ আল নোমান।

বৈঠকে বাংলাদেশের অন্যতম প্রধান রেমিট্যান্স যোদ্ধা- আমিরাত প্রবাসীদের স্বার্থরক্ষা, ভিসা জটিলতা নিরসন এবং নতুন কর্মসংস্থান তৈরির বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়। একই সঙ্গে বাংলাদেশে আমিরাতের বড় বিনিয়োগ আকর্ষণে দুই দেশের সংসদীয় কূটনীতি জোরদারের ওপর জোর দেওয়া হয়।

বৈঠক শেষে আরুশা থেকে সাঈদ আল নোমান টেলিফোনে সিপ্লাস টিভিকে সামগ্রিক আলোচনার অগ্রগতি নিয়ে বিস্তারিত জানান।

তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। সেখানে অবস্থানরত লাখো বাংলাদেশি প্রবাসীর মেধা ও শ্রম দুই দেশের উন্নয়নকেই সমৃদ্ধ করছে। বৈঠকে আমরা আমিরাতে বাংলাদেশিদের কাজের পরিধি আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের নাগরিকদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে দেশটির সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের সঙ্গে অত্যন্ত খোলামেলা আলোচনা হয়েছে। বিশেষ করে, প্রবাসীদের যেকোনো আকস্মিক সংকট বা সমস্যা দ্রুত সমাধানের জন্য একটি বিশেষ ও ডেডিকেটেড সেল বা ব্যবস্থা গড়ে তোলার জন্য আমি আমিরাত পক্ষকে অনুরোধ জানিয়েছি। ড. আলী রশিদ আমাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন।’

বিস্তারিত সিপ্লাস টিভিতে…….

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top