মিরসরাইয়ে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে গোসল করতে নেমে উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাফিজ ওই গ্রামের গোল বক্স মুহুরী বাড়ির নুরুল মোস্তফার ছোট ছেলে। তিনি ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের (ইউসিটিসি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তারা বাবা নুরুল মোস্তফা হাটহাজারীর নতুনপাড়ায় অবস্থিত বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। নাফিজের আকস্মিক এই মৃত্যুতে শোক জানিয়েছেন স্কুলটির শিক্ষক-শিক্ষিকাসহ বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

নাফিজের স্বজন আবদুর রহিম জানান, নাফিজের পরিবার চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। দুই দিন আগে তারা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুরে নামাজ শেষে নাফিজ পুকুরে গোসল করতে নামেন। সাঁতার না জানায় পানিতে ডুবে যান তিনি। পরে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তাররা জানান, পুকুরে ডুবে মুমূর্ষু অবস্থায় এক যুবককে বিকেলে হাসাপাতালে আনা হয়। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top