ওমানে কৃষি শ্রমিক হিসেবে যেতে পারবেন বাংলাদেশিরা

ওমান প্রতিনিধি: বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের কৃষি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দেশটির সরকার এখন থেকে বাংলাদেশি শ্রমিকদের কৃষি শ্রমিক ভিসায় নিয়োগের অনুমতি দিয়েছে। ফলে ওমানের নিবন্ধিত কৃষকরা প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য ভিসার আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওমানভিত্তিক সংবাদমাধ্যম ওমান অবজারভার।

এর আগে ওমান কৃষি অ্যাসোসিয়েশনের (ওএএ) আল দাহিরাহ শাখা বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের নতুন কর্মসূচি চালুর ঘোষণা দেয়। অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতে নিবন্ধিত কৃষকরা বাংলাদেশি শ্রমিক আনার জন্য আবেদন করার সুযোগ পাবেন।

তবে এ সুবিধা শুধুমাত্র আল দাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যদের জন্য প্রযোজ্য। আবেদন করতে হলে কৃষকদের বার্ষিক ফি পরিশোধের প্রমাণপত্র, কৃষি হোল্ডিংয়ের সনদ, জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের বৈধ অনুমোদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

আগ্রহী কৃষকরা আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত আল মুরতাফা এলাকায় অবস্থিত অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথিতে কোনো ধরনের অসঙ্গতি থাকলে আবেদন গ্রহণ করা হবে না।

ওমানের একটি সরকারি সেবা কেন্দ্র ‘সানাদ’-এর একজন স্বত্বাধিকারী জানিয়েছেন, প্রাথমিকভাবে ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এ কোটা গভর্নরেটভিত্তিক বণ্টন করা হবে এবং কোনো একটি অ্যাসোসিয়েশন সর্বোচ্চ ৩৩০ জন বাংলাদেশি শ্রমিক নিয়োগের সুযোগ পাবে।

মূলত কৃষি মৌসুমে শ্রমিক সংকট দূর করে কৃষকদের প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতেই বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের এ উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র: ওমান অবজারভার

চাটগাঁ নিউজ/টমাস/এমকেএন

Scroll to Top