ব্যবসা প্রতিষ্ঠানের ২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৩ জন কারাগারে

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান হাজী মনছব আলী চৌধুরী বি. এ. এন্ড ব্রাদার্স লিমিটেডের সম্পত্তি, ব্যবসায়িক আয়, ভাড়া ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রায় ২৯ কোটি ৭ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চট্টগ্রামের আদালতে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, সংশ্লিষ্ট একটি মামলায় একাধিক আসামি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬-এ ৭ জন আসামী স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করিলে ৩ জন আসামীকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালতে দাখিল করা অভিযোগনামা ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় জানা যায়, প্রতিষ্ঠানটির সম্পত্তি ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে শেয়ারহোল্ডারদের মধ্যে বিরোধ চলে আসছে। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানের মালিকানাধীন বিভিন্ন ভবন, ফ্ল্যাট, দোকান, গুদামঘর ও অন্যান্য স্থাপনা থেকে প্রাপ্ত ভাড়া এবং আয় কোম্পানির হিসাবে যথাযথভাবে জমা না দিয়ে কয়েকজনের যোগসাজশে আত্মসাৎ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১৯৫০ সালে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে কোম্পানি গঠন করা হয়। পরবর্তী সময়ে কোম্পানির সম্পত্তি, শেয়ার মালিকানা, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। কোম্পানির বিভিন্ন সম্পত্তি থেকে অর্জিত আয় ও ভাড়ার অর্থ যথাযথভাবে হিসাবভুক্ত না করার অভিযোগও রয়েছে।

অভিযোগনামায় বিভিন্ন সময়ে বিভিন্ন ভবন ও গুদামঘর ভাড়া দেওয়ার তথ্য, মাসিক ভাড়া, জামানত এবং দীর্ঘমেয়াদি ভাড়ার হিসাব তুলে ধরা হয়েছে। বাদীপক্ষের দাবি, এসব সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ কোম্পানির হিসাবে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ২৯ কোটি ৭ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, কোম্পানির সম্পত্তি ও শেয়ারহোল্ডারদের অধিকার নিয়ে বিরোধের জেরে একাধিকবার আলোচনা ও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি। অভিযোগকারী পক্ষের দাবি, কোম্পানির সম্পত্তি ও আয়-ব্যয়ের সঠিক হিসাব বুঝিয়ে দেওয়ার পরিবর্তে বিভিন্নভাবে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

এদিকে, অভিযোগনামায় ২০২৬ সালের ২০ এপ্রিল কোম্পানির সম্পত্তি ও আত্মসাৎ করা অর্থের হিসাব নিয়ে আলোচনার সময় অপ্রীতিকর পরিস্থিতি, হুমকি ও হামলার অভিযোগও উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষের দাবি, এ ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতার কারণে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

অভিযোগনামায় ১২ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে মোহাম্মদ শাহ আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো. ওমর ফারুক চৌধুরী, রেখা আলম চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী, রোসায়েল আলী চৌধুরী, জাহেদুল আলম, মো. ওমর আদনান, মনোয়ারা বেগম, আশেক রসুল বাবু, কামরুল ইসলাম ও একরামুল আলমের নাম উল্লেখ রয়েছে।

অন্যদিকে, সংশ্লিষ্ট মামলায় আসামিপক্ষের দাখিল করা জামিন আবেদনে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, কোম্পানির পরিচালনা ও শেয়ারহোল্ডারদের মধ্যকার বিরোধকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের দাবি, মামলার নথি ও তদন্ত প্রতিবেদনে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রতিষ্ঠিত হয়নি। জামিন পেলে নিয়মিত আদালতে হাজির হয়ে বিচারিক কার্যক্রমে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তাঁরা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top