রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুটি ইউনিয়নের সীমান্তবর্তী একটি ডোবা থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোসনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিলপাড়া ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আন্নসিকদার পাড়ার মধ্যবর্তী একটি ডোবায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান এলাকাবাসী। দুর্গন্ধ ছড়াতে থাকলে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয়রা জানান, মরদেহটি বেশ কয়েক দিনের পুরনো হওয়ায় বিকৃত হয়ে গেছে, ফলে স্থানীয়ভাবে কেউ পরিচয় শনাক্ত করতে পারেননি। পুলিশের প্রাথমিক অনুমান, গত তিন-চার দিন আগে ওই ব্যক্তি খাল-বিল বা জলাশয়ে সাপ, ব্যাঙ কিংবা কুচে ধরতে গিয়ে অসাবধানতাবশত ডুবে মারা যেতে পারেন।
রাঙ্গুনিয়া মডেল থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই আসল কারণ জানা যাবে।”
পুলিশ জানায়, মৃত যুবকের পরনে গেঞ্জি ও প্যান্ট ছিল। তার গায়ের রং কালো এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। চেহারা ও অবয়ব দেখে প্রাথমিকভাবে তিনি পাহাড়ি জনগোষ্ঠীর কেউ হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মরদেহের পরিচয় বের করা এবং স্বজনদের সন্ধান পেতে আশপাশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি ময়নাতদন্ত শেষে পরিচয় না মিললে সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/জগলুল/এসএ






