বাকলিয়ায় বিদেশি পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. সোহেল (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিয়াখান নগর এলাকার ময়দার মিল মোড় সংলগ্ন একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মহানগর গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের পরিদর্শক আফতাব হোসেন জানান, ভাড়া বাসায় মাদক ও আগ্নেয়াস্ত্র মজুদ করে বিক্রির প্রস্তুতির তথ্য পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে মো. সোহেলকে আটক করা হয়।

তিনি আরও জানান, তল্লাশির সময় ড্রেসিং টেবিলে রাখা একটি আইফোনের বক্স থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া স্টিলের আলমারির ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদক জব্দ করে আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top