চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং করার সময় আকাশ থেকে সমুদ্রে পড়ে অক্ষর সৌভিক রায় (৩১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অক্ষর সৌভিক রায় খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার বাসিন্দা এবং শেখর রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নয়জন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন অক্ষর সৌভিক রায়। দুপুরে দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় হঠাৎ তিনি প্যারাসেইল থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান। ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, দুপুর ২টা ১০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দরিয়ানগর এলাকায় মো. ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং কার্যক্রমে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করা হলেও পরে আবার চালু করা হয়। সর্বশেষ এই দুর্ঘটনার পর পর্যটনকেন্দ্রিক অ্যাডভেঞ্চার কার্যক্রমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






