বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. খোকন (৩০) নামে এক মাদক কারবারিকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) ভোরে পৌরসভার আরকান সড়কের গোমদণ্ডী ফুলতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া খোকন কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহমদের ছেলে।
পুলিশ জানায়, খোকন দীর্ঘদিন ধরে বোয়ালখালীতে বাসা ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী থানার এএসআই আবদুল মতিন ও এএসআই আবুল কালাম। তারা জানান, খোকনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা বাস্তবায়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আবারও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আগের মামলায়ও তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন





