চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারচক্রের সঙ্গে জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার পতেঙ্গা থানার বহিঃনোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানে দুটি সন্দেহভাজন ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, অবৈধভাবে মিয়ানমারে পাচারের জন্য সারবোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১০টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা বা প্রায় ২২ হাজার ৫০০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





