পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাড়ির গাছের কলা চুরিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি মারধর ও লোহার রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গভীর রাতে তোহার বাড়ির গাছ থেকে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল বলে জানা গেছে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে তোহাকে লক্ষ্য করে মারধর করা হয়। পরিবারের দাবি, লোহার রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আনোয়ার হোসেনকে আটক করে। তবে অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, কলা চুরিকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ তোহা নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, পটিয়া আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, মোহাম্মদ তোহা অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top