আনোয়ারায় ছাদ থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভবনের ছাদ থেকে পড়ে আবির (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিম চাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির দেলোয়ার হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ি আনোয়ারার গহিরা এলাকায় হলেও পরিবারটি বর্তমানে পশ্চিম চাল এলাকার গুলবাহার মার্কেট সংলগ্ন সৈয়দ নূরের ভাড়া বাসায় বসবাস করছিল।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় আবির তার মায়ের সঙ্গে ভবনের ছাদে অবস্থান করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে এলাকায়ও বিরাজ করছে গভীর শোকের পরিবেশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top