চাটগাঁ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
আজ শনিবার (০১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বৈঠকের শুরুতেই দুই দেশের পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেন তারা।
এর আগে, সফরের প্রথম দিন বৃহস্পতিবার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন বিশেষ দূত। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতা লেভেল-৩ থেকে নামিয়ে লেভেল-২ এ উন্নীত করে, যা খুদে বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন সার্জিও গর। এর মাধ্যমে বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও উন্নত হয়েছে বলে মার্কিন মূল্যায়নে প্রতিফলিত হয়েছে।
সফরের দ্বিতীয় দিনে মার্কিন বিশেষদূত সার্জিও গরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে।
প্রতিনিধিদলটি ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ ও ক্যাম্প-৪-এর বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গারা স্বদেশে ফিরে যাওয়ার আকুতি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





